সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে ১২ বছর বয়সী গৃহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিতা সিনহার বিরুদ্ধে মামলা হয়েছে।বৃহস্পতিবার রাতে নির্যাতনের শিকার গৃহকর্মীর পরিবার সুনামগঞ্জ সদর থানায় মামলা করেছে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক এ তথ্য নিশ্চিত করেছেন। আহত শিশুটি বর্তমানে সুনামগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, না বলে আনারস খাওয়ায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাথরুম পরিষ্কারের ব্রাশ দিয়ে শিশু গৃহকর্মীকে পেটান মনিতা সিনহা।
মারধরের একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় শিশুটি ঘর থেকে পালিয়ে বাইরে চলে গেলে, স্থানীয়রা তাকে উদ্ধার করে। তারা মনিতা সিনহার সঙ্গে কথা বলতে বাসায় গেলে, তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ওই শিশুর পরিবারের সদস্যারা এসে মামলা করেন।
মনিতা সিনহার বাসার মালিক তাজুদ মিয়া বলেন, ‘দুই মাস আগে ঘর ভাড়া নেন মনিতা সিনহা। তার আচরণ ভালো না হওয়ায় ইতোমধ্যেই তাকে বাসা ছাড়ার নোটিশ দিয়েছি। এর মধ্যেই তিনি গৃহকর্মী নির্যাতন করলেন।’
অভিযোগের বিষয়ে জানতে মনিতা সিনহার মোবাইল ফোন নম্বরে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন, ‘গৃহকর্মী নির্যাতনের বিষয়টি আমরা শুনেছি। মনিতা সিনহা দুই সন্তানের মা ও সম্প্রতি একটু ট্রমার ভিতর দিয়ে যাচ্ছেন বলে ছুটিতে আছেন। যেহেতু স্বাভাবিক প্রক্রিয়ায় মামলা হয়েছে, এখন আইনগতভাবেই যা হওয়ার হবে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd