সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রফিকুল ইসলাম নামে এক আইনজীবী নিহত ও ১২ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের জামালহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ার কুড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে। তিনি পেশায় আইনজীবী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে বাসটি বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই উল্টে যায়। এতে বাসের যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের আরও ১২ যাত্রী আহত হয়েছে।
ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া নিহতের লাশ ও ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আহতদের পরিচয় জানাতে পারেননি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd