সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় নাগরিকদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার (১১ জুলাই) বিকাল চার টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরেক বাংলাদেশি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে মো. বাবুল হোসেন নামের এক ব্যক্তি মারা যান। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে। এছাড়া মো. কয়েছ মিয়া নামের এক বাংলাদেশি আহত হন।
এ নিয়ে গত দেড় মাসে কেবল কোম্পানিগঞ্জ সীমান্তেই ভারতীয় খাশিয়ার গুলিতে ৫ জন নিহত হলেন।
সিলেট বিজিবি সুত্রে জানা যায় যে, শনিবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৯-এস সংলগ্ন দিয়ে ২ জন বাংলাদেশি নাগরিক ভারতের ৮০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় চোর সন্দেহে ভারতীয় খাসিয়া নাগরিকরা তাদের গুলি করে। এতে একজন নিহত ও একজন আহত হন।
নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা সম্ভব হলেও আহত ব্যক্তি পলাতক রয়েছেন বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
এ ব্যাপারে বিজিবি’র ৪৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি বলেন, সীমান্তে অবৈধ চলাচল রোধে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও টহল এবং নজরদারী অব্যাহত রেখেছে বিজিবি। সীমান্তবর্তী এলাকার বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে প্রবেশ না করার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে। তবু কিছু কিছুক্ষেত্রে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কেউ অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd