সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনাকারী এক চিকিৎসক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) রাতে দুই প্রতারককে আটক করে পুলিশ।
সিলেট কতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া জানান, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুহিবুর রহমান রুবেল প্রায়ই নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডের ওসমান ফার্মেসী থেকে ওষুধ কেনেন। শুক্রবার বিকালে তিনি ঐ ফার্মেসিতে এসে নিজেকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র বড় কর্মকর্তা পরিচয় দিয়ে ফার্মেসির মালিককে বলেন, তার ফার্মেসীর লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। তিন লাখ টাকা না দিলে তিনি ফার্মেসী সিলগালা করে দেবেন। কথামত শুক্রবার রাতে ঐ ফার্মেসী থেকে টাকা আনার জন্য ডা. রুবেল তার সহযোগী শাহপরাণ থানা এলাকার শাহেদ আহমদকে পাঠান। তখন ফার্মেসীর মালিক শাহেদ আহমদকে আটকে রেখে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে এবং তার দেয়া তথ্য মতে ডা. রুবেলের শিবগঞ্জস্থ বাসায় অভিযান চালায়। ডা. মুহিবুর রহমান রুবেল পুলিশের কাছে নিজেকে এনএসআই’র বড় কর্মকর্তা হিসেবে পরিচয় দেন এবং পুলিশের সাথে দুর্ব্যবহার করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে গেলে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন।
ডা. রুবেল আর কোথাও এমন প্রতারণা করেছেন কি না পুলিশ সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd