সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকের ১৫ জনেরই রিপোর্টই এবার নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় তাদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। শনাক্ত হওয়া অপর ইন্টার্ন চিকিৎসক শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশ ইউনিটে চিকিৎসাধীন আছেন।
গত ৪ মে এই ১৬ চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানা যায়। তবে তার আগে ২৩ এপ্রিল থেকেই তারা কলেজের ইন্টার্ন হোস্টেলে কোয়ারেন্টিন ছিলেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ গাজীপুর থেকে আসা এই হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এরপর বাইরের বিভিন্ন জেলা থেকে সিলেট আসা ৭৮ ইন্টার্ন চিকিৎসককে হোস্টেলে কোয়ারেন্টিনে রেখে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ঢাকার ল্যাবে পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়। যা ৪ মে জানা যায়। শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ১৫জনই নারী।
আক্রান্তদের শরীরে তেমন কোনো উপসর্গ না থাকায় তাদের কলেজ হোস্টেলেই আইসোলেশনে রাখা হয়। মঙ্গলবার ফের তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।
এরমধ্যে একজনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফা পরীক্ষায় হাসপাতালে ভর্তি একজন ছাড়া বাকীদের নেগেটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আরেকবার তাদের নমুনা পরীক্ষা করা হবে। পরপর দুবার নমুনা পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসলে আমরা একজন রোগীকে সুস্থ ঘোষণা করি।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিই করোনা শনাক্ত হওয়া সিলেটের প্রথম রোগী। গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd