জকিগঞ্জে সরকারি চাল আত্মসাৎ ও লুটপাটের মামলায় ৮ জন কারাগারে

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

জকিগঞ্জে সরকারি চাল আত্মসাৎ ও লুটপাটের মামলায় ৮ জন কারাগারে
এনামুল হাসান, জকিগঞ্জ থেকে: জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে সরকারি চাল আত্মসাৎ ও লুটপাটের ঘটনায় গ্রেফতারকৃত ৮ জনকে আজ সোমবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৫৭০ বস্তা চাল ট্রাকযোগে সিলেট থেকে জকিগঞ্জ নিয়ে আসার পথে রবিবার সকাল ১১টায় কালিগঞ্জ বাজারে ট্রাক থামিয়ে চাল আত্মসাৎ করার সময় স্থানীয় জনতা ট্রাকভর্তি চাল আটক করে। তখন চাল আত্মসাতের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে উত্তেজিত জনতা চাল লুটপাট শুরু করে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ওসি মীর মোঃ আবু নাসের ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের হস্তক্ষেপে চাল লুটপাট বন্ধ হয়। জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আবু নাসের জানান, লুটপাটের শেষে ২৪৬ বস্তা চাল পাওয়া যায়।
এ ঘটনায় পুলিশ মিলার শফিক আহমদ, কালিগঞ্জ বাজারের ডিলার জয়নাল আহমদ, কসকনকপুর গ্রামের ডিলার আব্দুল মুকিত, বারঠাকুরী ইউনিয়নের ডিলার আব্দুল আজিজ, ট্রাক চালক কামরুল ইসলাম ও ট্রাকের হেলপার সাইফুদ্দিন, চাল লুটপাটের ঘটনায় নগরকান্দি গ্রামের দেলওয়ার হোসেন ও দেওয়ান চক গ্রামের বিপ্লব আহমদকে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে। তাদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে চাল আত্মসাৎ ও লুটপাটের ঘটনায় স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা সহ কয়েকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ জানান, খাদ্য অধিদপ্তরের চাল আটক করে ট্রাকসহ জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..