পাওনা টাকা চাওয়ায় জাফলংয়ে মুক্তিযোদ্ধার উপর হামলা, থানায় অভিযোগ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের লোকজন মুক্তিযোদ্ধার উপর হামলা চালিয়েছে। আহত মুক্তিযোদ্ধা ইনছান আলী উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের বাসিন্ধা। গত বৃহস্পতিবার ২টার দিকে উপজেলার জাফলং বাজার বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা ইনছান আলী তিনি নিজে বাদি হয়ে হামলাকারী ইউসুফ মিয়া (৩৯)-কে প্রধান আসামি করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। থানায় এখনো মামলাটি তদন্তাধীন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের মুক্তিযোদ্ধা ইনছান আলী নিকট থেকে একই গ্রামের মৃত: মকবুল হোসেনের ছেলে ইউসুফ মিয়া এক লক্ষ টাকা ধার নেয়। গত বৃহস্পতিবার জাফলং বাজারে ইউসুফ মিয়ার সাথে মুক্তিযোদ্ধার দেখা হলে পাওনা টাকা পরিশোধের কথা বলেন। কিন্তু ইউসুফ মিয়া টাকা না দিয়ে মুক্তিযোদ্ধাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। মুক্তিযোদ্ধা এর প্রতিবাদ করলে ইউসুফ মিয়া কীপ্ত হয়ে মুক্তিযোদ্ধার উপর হামলা চালান। এ হামলায় গুরুতর আহত হন মুক্তিযোদ্ধা ইনছান আলী।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এসআই রুহুল আমীন জানান- খবর পেয়ে আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, হামলার ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।