গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ভারতীয় তীর খেলার গডফাদার আটক
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় তীর খেলার দায়ে এক গডফাদারকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাফলং মামার বাজারের হবি মার্কেট থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার জাফলং চা-বাগান এলাকার ওমর চাঁন বৈদ্যের ছেলে নিখিল বৈদ্য জনি (৩৫)। আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক তীরের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে থানার এসআই আবুল হোসেন ও এএসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মামার বাজারে অভিযান চালিয়ে নিখিল বৈদ্যকে আটক করেন। এসময় তার কাছ থেকে ভারতীয় তীর খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ভারতীয় তীর খেলার দায়ে এক ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে একাধিক তীরের মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতী চলছে বলে জানান তিনি।