সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
এনামুল হাসান, জকিগঞ্জ :: জকিগঞ্জের বাবুরবাজার এলাকায় শনিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে নারী, পুরুষ ও শিশুসহ পাঁচজনকে। নিহতরা হলেন, নাছিমা বেগম (২২), নূরজান বেগম (৫০) ও দুই বছরের শিশু হেনা। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, যাত্রীবাহী বাসটি বিকেলে সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৪টায় বাবুরবাজার নামক স্থানে বাসটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশু ও দুই নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে দুর্ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
দুর্ঘটনায় এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন জানিয়ে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের ক্রামই সিলেটকে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd