সহিংসতা, ডাকাতি ও মাদকের থাবা: গোয়াইনঘাটে অপরাধের ভয়াবহতা, আতঙ্কে সাধারণ মানুষ

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

সহিংসতা, ডাকাতি ও মাদকের থাবা: গোয়াইনঘাটে অপরাধের ভয়াবহতা, আতঙ্কে সাধারণ মানুষ

বিশেষ প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একের পর এক চাঞ্চল্যকর ও সহিংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে পুলিশের উপস্থিতিতে হত্যাকাণ্ড, থানা ভবনের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশের টহল গাড়িতে ডাকাত দলের হামলা এবং সীমান্তভিত্তিক সীমান্ত চোরাচালান, অবৈধ বালু উত্তোলন ও মাদকের ভয়াবহ বিস্তারে পুরো উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

সূত্র জানায়, গত শনিবার (১৫ আগস্ট) দুপুরে পূর্ব আলীরগাঁও ইউনিয়নে মেয়েকে ধর্ষণের প্রতিবাদে থানায় অভিযোগ দেওয়ায় কলিম উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে তাঁর আপন ভাই ও ভাতিজা। স্থানীয়দের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। তবে পুলিশ দাবি করেছে, তারা ঘটনাস্থল ত্যাগ করার ১০ মিনিট পর এই ঘটনা ঘটে। এ ঘটনায় জুবের আহমদ নামে একজন আটক হলেও প্রধান আসামিরা পলাতক।

এই ঘটনার রেশ না কাটতেই রবিবার (১৬ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট থানার ঠিক মূল ফটকের সামনে পানের ভ্যান ও মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শামীম, আরব আলী ও আনিসুর রহমান নামে ৩ জন গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চাকুসহ তারেক নামের এক যুবককে আটক করে।

একই দিন দিবাগত রাতে (১৭ আগস্ট) সতি গ্রামে নিয়মিত টহলের সময় পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র ডাকাত। পরে অতিরিক্ত পুলিশ পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।

এর সাথে নতুন করে যুক্ত হয়েছে পাড়া-মহল্লায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বেপরোয়া দৌরাত্ম্য। অলিগলি ও চা-দোকানের পেছনে প্রকাশ্যে চলছে মাদকের কেনাবেচা ও আড্ডা, যা চুরি, ছিনতাই ও সামাজিক অপরাধ আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিয়েছে। সীমান্ত এলাকা হওয়ায় একদিকে চোরাচালান ও অবৈধ বালু উত্তোলন বাড়ছে, অন্যদিকে সহজেই ঢুকে পড়ছে মাদকের চালান।

থানার সামনে বা পুলিশের গাড়ির ওপর হামলা এবং পাড়া-মহল্লায় অপরাধীদের এমন বেপরোয়া রূপ দেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, প্রতিটি ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান, উপজেলাজুড়ে টহল জোরদার এবং মাদকের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..