সিলেট ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৮ নং ওয়ার্ডে নির্বাচনী আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দিন দিন বেড়েই চলেছে। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন যুবদল নেতা আজাদ রহমান। তার ধারাবাহিক গণসংযোগ, কুশল বিনিময় ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার হয়েছে।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তিনি প্রতিদিনই সাধারণ মানুষের সাথে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ঈদুল ফিতরের পর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর পবিত্র মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রম ও প্রার্থিতার ঘোষণা দেবেন। এ উপলক্ষে তার সমর্থক ও কর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আজাদ রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং জনকল্যাণমূলক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আজাদ রহমান বলেন, “আমি এই ওয়ার্ডের সন্তান। এলাকার উন্নয়ন ও মানুষের সেবার লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবার মান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
তিনি আরও বলেন, “গরিব মানুষের হক মেরে খাওয়া, কারো প্রতি জুলুম বা অন্যায় নির্যাতন, কোনো ক্ষমতাবান ব্যক্তি দ্বারা নিরীহ মানুষ বা প্রবাসীর বাসা-বাড়ি দখল—এসবের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। চাঁদাবাজি, ছিনতাই, জুয়া, মাদকের সিন্ডিকেট এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব, ইনশাআল্লাহ। ওয়ার্ডবাসী যদি আমাকে বিশ্বাস করে একবার সেবা করার সুযোগ দেন, আমি কথা দিচ্ছি—আমার কথা ও কাজের মধ্যে মিল না থাকলে আমি আর কোনোদিন আপনাদের কারো দরজায় ভোট চাইতে যাব না।”
তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই, সবাইকে সাথে নিয়ে ৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে।”
এদিকে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় ৮ নং ওয়ার্ডে নির্বাচনী পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। সচেতন মহলের মতে, সৎ, সাহসী ও জনসম্পৃক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে ওয়ার্ডবাসীর প্রত্যাশিত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। তরুণ সমাজের অংশগ্রহণ এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন তারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd