সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট এয়ারপোর্ট-সালুটিকর সড়কের মাদকসেবী ও কারবারিদের নিরাপদ জোনে পরিণত হয়েছে। দিনের বেলা যানচলাচল স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই পাল্টে যায় দৃশ্যপট। রাস্তার ধারের ছোট ছোট টং দোকানগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মাদক সিন্ডিকেটের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এর পূর্বে মাদকের বিরুদ্ধে ক্রাইম সিলেটে সংবাদ প্রকাশ করার পর প্রতিটি দোকানের আঙ্গিনা থেকে মাদকের অস্তিত্ব আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এয়ারপোর্ট সংলগ্ন লালবাগ, সিঙ্গারপুল এবং সালুটিকর ব্রিজ এলাকা এখন মাদকের অভয়ারণ্য। বিশেষ করে রাস্তার পাশের অস্থায়ী টং দোকানগুলোতে চা-বিস্কুটের আড়ালে দেদারসে বিক্রি হচ্ছে ফেনসিডিল ও ইয়াবা।
প্রতিদিন সন্ধ্যার পর শহর ও শহরতলী থেকে মোটরসাইকেল, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা নিয়ে শত শত তরুণ ও মধ্যবয়সী লোক এসব দোকানে জড়ো হয়। গভীর রাত পর্যন্ত চলে মাদক কেনাবেচা ও সেবন। এতে করে সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। হাতের নাগালে মাদক পাওয়ায় স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও এসবে জড়িয়ে পড়ছে।
প্রতিবাদ সভায় স্থানীয় মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা বলেন, “আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ক্লান্ত। পুলিশি টহল বাড়লেও মাদক কারবারিরা কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি দ্রুত এই টং দোকানগুলোর আড়ালে চলা মাদক ব্যবসা বন্ধ করা না হয়, তবে এলাকাবাসী নিজ উদ্যোগে এসব উচ্ছেদ করতে বাধ্য হবে।”
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুব শীঘ্রই ওইসব চিহ্নিত পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd