সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্ত্রীর সাথে পারিবারিক কলহ ও অভিমানের জেরে পাবেল মিয়া (২৪) নামে এক দুবাই প্রবাসী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ১০টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পাবেল মিয়া ওই গ্রামের আব্দুল মনাফের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাবেল মিয়া দুবাই থাকাকালীন প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে লেংগুড়া ইউনিয়নের খলিলুর রহমানের মেয়ে রিপা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত চার মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন এবং পারিবারিকভাবে স্ত্রীকে নিজের বাড়িতে তুলে আনেন।
তবে বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে কলহ শুরু হয়। গত ১২ দিন আগে রিপা বেগম তার বাবার বাড়িতে চলে যান। স্ত্রীর চলে যাওয়া এবং পারিবারিক অস্থিরতার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন পাবেল। শনিবার রাতে সবার অগোচরে নিজের শোবার ঘরে সিলিং ফ্যানের সাথে মাফলার পেঁচিয়ে তিনি আত্মাহূতি দেন।
রবিবার সকালে খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও হতাশা থেকে পাবেল মিয়া আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd