সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অবৈধভাবে বালুমহাল চালু এবং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন কোনোভাবেই সহ্য করা হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেবেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমি আপনাদের বলেছিলাম- আমাকে ১২ তারিখ পর্যন্ত সময় দিন; ১৩ তারিখ থেকে আপনাদের জন্য কাজ শুরু করব। নির্বাচনের সময় দেওয়া আমার সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। মার্চ মাস থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ শুরু হবে।
মন্ত্রী আরও বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত চালু করা এবং নিয়মিত চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে। এ ছাড়া খাল খনন, উপজেলা পরিষদের পুকুরের চারপাশে গাইড ওয়াল নির্মাণ এবং শহরের আদলে হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামসুল ইসলাম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd