সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন সর্বমোট ৫৮৭ জন। এছাড়া সিলেট বিভাগে বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ৩০ জন। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ১৩৬ জন। আর কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২০৭ জন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। ১০ মার্চ যাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়, তাদের ১৪ দিনের মেয়াদ শেষ হয় ২৩ মার্চ। ১১ মার্চ যারা কোয়ারেন্টিনে যান, তাদের মেয়াদ শেষ হয় ২৪ মার্চ তথা গতকাল মঙ্গলবার। আর ১২ মার্চ যারা কোয়ারেন্টিনে প্রবেশ করেন, তাদের মেয়াদ শেষ হয়েছে আজ বুধবার।
ডা. আনিসুর রহমান আরও জানান, আজ বুধবার সিলেট বিভাগে ১৩৬ জন কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন। তন্মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলার ৪১ জন, মৌলভীবাজারের ৬২ জন এবং হবিগঞ্জ জেলার ২৩ জন আছেন। সব মিলিয়ে এ বিভাগে এখনও পর্যন্ত ৫৮৭ জন কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগে এখন ২ হাজার ৩০ জন হোম কোয়ারেন্টিনে আছেন। নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২০৭ জন।
এদের মধ্যে সিলেট জেলায় ৩৩ জন, সুনামগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ২৫ জন এবং হবিগঞ্জ জেলায় ৯৭ জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন।
কোয়ারেন্টিনে থাকা অধিকাংশই প্রবাস ফেরত। বাকিরা তাদের পরিবার ও আত্মীয়স্বজন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd