সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লী এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক বলেন, যৌনপল্লী এমনিতেই ঝুঁকিপূর্ণ। চলমান করোনাভাইরাস নিয়ন্ত্রণে নানা রকম সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই যৌনপল্লীতে লোকজনের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ রাখাই ভালো। তাই আগামী এক মাসের জন্য এই যৌনপল্লীকে বন্ধ ঘোষণা করা হলো। এই সময়ে মানবিক কারণে সেখানকার ১১টি বাড়ির ২১১ জন যৌনকর্মীর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা দেয়া হবে। যৌনকর্মীদের জনপ্রতি এক মাসের জন্য ৩০ কেজি করে চাল দেয়া হবে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যৌনকর্মীদের কাছ থেকে ঘরভাড়া ও বিদ্যুৎবিল না নেয়ার জন্য বাড়ির মালিকদের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যৌনপল্লীতে জনসাধারণের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেউ এ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে রানীগঞ্জ যৌনপল্লীতে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।
পরে সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রাজিব সিংহ সাহা রানীগঞ্জ যৌনপল্লীতে যান। তারা সেখানকার বাড়ির মালিক ও যৌনকর্মীদের সঙ্গে যৌনপল্লী বন্ধ নিয়ে আলোচনা করেন এবং করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি বিভিন্ন বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd