সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট ও পার্শ্ববর্তী এলাকায় চলমান প্রতিকূল আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ফলে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বৈদ্যুতিক লাইনের ওপর পড়ায় তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
এ অবস্থায় গ্রাহকদের ধৈর্য ধারণ ও বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গোয়াইনঘাট সাব-জোনাল অফিস।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম (ওএন্ডএম) মো. সহিদুল ইসলাম এক বিশেষ বার্তায় গ্রাহকদের অনুরোধ জানিয়ে বলেন, “ঝড়-বৃষ্টির কারণে অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে বা গাছের ওপর পড়ে থাকতে পারে। দয়া করে কেউ ছেঁড়া তারে হাত দেবেন না বা তারের কাছে যাবেন না। এমন কোনো পরিস্থিতি দেখলে দ্রুত নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানানোর জন্য অনুরোধ করা হলো।”
কর্তৃপক্ষ জানায়, গোয়াইনঘাটের অনেক এলাকা দুর্গম হওয়া এবং জনবল স্বল্পতার কারণে ক্ষতিগ্রস্ত লাইনগুলো দ্রুত মেরামত করা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকায় প্রতিকূল পরিবেশে কর্মীরা কাজ করতে হিমশিম খাচ্ছেন।
এজিএম মো. সহিদুল ইসলাম আরও বলেন, “সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার সাথে সাথেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লাইন সচল করার কাজ শুরু করব। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সকলের আন্তরিক সহযোগিতা ও ধৈর্য কামনা করছি।”
বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে গ্রাহকদের দ্রুত সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd