সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর :: সিলেটের জৈন্তাপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। অভিযানে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হলেও কৌশলে পালিয়েছেন এক সহযোগী। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সামনে একটি চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
জৈন্তাপুর মডেল থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মহাসড়কে নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। রাত আনুমানিক ৭টা ৫৫ মিনিটে ঢাকা মেট্রো-ব-১২-৩০২৪ রেজিস্ট্রেশন নম্বরের একটি বিএমএফ যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী ও খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, জব্দকৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৭২ হাজার ৮৪৫ টাকা। যার মধ্যে রয়েছে, কাবেরী মেহেদী ১৭০ বক্স এবং ২ হাজার ৯৭৫ পিস খোলা মেহেদী যার মূল্য প্রায় ৭৮,৬২৫ টাকা। জিরা ৩৩০ কেজি, খোলা জিরা এবং ‘Suraj JEERA’ লেখা ১১টি প্লাস্টিক বস্তা, মূল্য প্রায় ১,৮১,৫০০ টাকা। অরেঞ্জ ট্যাং ৫০ প্যাকেট মূল্য ১২,৫০০ টাকা।
চোরাচালানের মাধ্যমে কর ফাঁকি দিয়ে পণ্য মজুত ও পরিবহনের অভিযোগে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাকিব মিয়া বাবু (২১), পিতা: মো. হারুন হাওলাদার, স্থায়ী ঠিকানা: বরগুনা; বর্তমান ঠিকানা: আশুলিয়া, ঢাকা)। রাকিবুল ইসলাম (২৫), পিতা: আব্বাস আলী (স্থায়ী ঠিকানা: শেরপুর; বর্তমান ঠিকানা: আশুলিয়া, ঢাকা)।
তবে এই চক্রের সাথে জড়িত রবিউল ইসলাম (৪০) নামে অপর এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় থানায় জব্দ রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd