বিশ্বনাথে পুলিশি অভিযানে আতঙ্ক: আসামী না পেয়ে পরিবারের স্বজনদের হুমকি-ধমকি ও আটকের অভিযোগ

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

বিশ্বনাথে পুলিশি অভিযানে আতঙ্ক: আসামী না পেয়ে পরিবারের স্বজনদের হুমকি-ধমকি ও আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী মামলার আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে পরিচালিত এক পুলিশি অভিযানকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত সোমবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের হাইদারপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল হাইদারপুর গ্রামের কয়েকটি বাড়িতে হানা দেয়। পুলিশ মূলত জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে দায়েরকৃত মামলার আসামী—৩নং অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দিলোয়ার হোসেন দিলু, ইলিয়াস আহমেদ এবং দুবাই প্রবাসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মেদ নাজিম উদ্দিনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এই অভিযান চালায়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়িতে তল্লাশির সময় আসামীদের বাড়িতে না পেয়ে পুলিশ চরম আগ্রাসী ভূমিকা পালন ও ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠেন। এ সময় তারা স্বজনদের মানসিকভাবে বিপর্যস্ত করতে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকে। উপস্থিত নারী ও শিশুদের সামনেই তারা অত্যন্ত ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। স্বজনদের অভিযোগ অনুযায়ী, পুলিশ সদস্যরা আসামীদের দ্রুত আত্মসমর্পণের জন্য চাপ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তথা জামায়াত, বিএনপি ও এনসিপি’র নাম উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শন করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখে এমন অপেশাদার বক্তব্য স্থানীয়দের হতবাক করেছে।

অভিযানের এক পর্যায়ে পুলিশ বাড়াবাড়ির চরম সীমায় পৌঁছায় এবং জোরপূর্বক দিলোয়ার হোসেন দিলুর ভাই মনোয়ার হোসেন এবং নাজিম উদ্দিনের বৃদ্ধ পিতা মোহাম্মেদ নুর উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলে নেয়। এ সময় পরিবারের নারী ও শিশুদের কান্না আর বিরামহীন আকুতিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরবর্তীতে স্থানীয়দের চাপ এবং দীর্ঘ অনুনয়-বিনয়ের মুখে পুলিশ তাদের ছেড়ে দিলেও এই ঘটনা পরিবারটিতে গভীর ট্রমার সৃষ্টি করেছে।

বারবার পুলিশের এমন ‘আগ্রাসী’ অভিযানের ফলে ওই বাড়িটি এখন কার্যত পুরুষশূন্য। গ্রেপ্তারের ভয় এবং পুলিশের অপেশাদার আচরণের কারণে পরিবারের পুরুষ সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় সচেতন মহলের মতে, আসামিদের গ্রেপ্তারের নামে স্বজনদের হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শন আইনের শাসনের পরিপন্থী। ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2025
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..