সেই লোকটিকে বাঁচাতে পারেননি সিসিক মেয়র আরিফ

প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০

সেই লোকটিকে বাঁচাতে পারেননি সিসিক মেয়র আরিফ

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরের স্টেডিয়াম মার্কেট এলাকায় সোমবার সন্ধ্যায় বাবুল ড্রাগ হাউজের সামনের রাস্তায় রিকশা থেকে ৪০ বছর বয়সী এক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যান। করোনা সন্দেহে আশপাশের কেউ এগিয়ে আসেনি। ওই সময় কোথায় যেন যাচ্ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

লোকজনের ভিড় দেখে তিনি এগিয়ে যান। অজ্ঞান অবস্থায় দেখে তাৎক্ষণিক সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সিসিক মেয়র আরিফ। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তখন মৃত ব্যক্তির পকেট থেকে একটি আইডি কার্ড পাওয়া যায়। নাম অরুন কুমার দে। তিনি পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) সুপারভাইজার বলে জানা যায়। তাকে বাঁচাতে করোনা ভয়কে তুচ্ছ করে মেয়র আরিফুল হক চৌধুরী তাৎক্ষণিক একটি অ্যাম্বুলেন্স ডেকে অরুণকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

মৃত অরুন কুমার দে সিলেট নগরের উত্তর বাগবাড়ি এলাকার ৩৪১/১ নম্বর বাসার বাসিন্দা। এ বিষয়ে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুছ ছালাম জানান, আজকেও (২২ জুন) অরুন কুমার দে ডিউটি করেছেন। হয়তো ডিউটি শেষে রিকশাযোগে বাসায় যাওয়ার পথে তার হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, মেয়র তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পথে অরুন কুমার দের মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অজ্ঞান অবস্থায় দেখে অরুণকে তাৎক্ষণিক ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরেকটু আগে মেডিকেলে আনলে হয়তো তাকে বাঁচানো যেত।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..