সিলেটের দুই ল্যাবে আরও ৯৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরও ৯৮ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :: সিলেট জেলায় করোনাক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে দেড় হাজার। আজ মঙ্গলবার নতুন করে শনাক্ত হওয়া ৪০ জনকে নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা এখন ১৫৩৪।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪৩ জনের মধ্যে করোনার অস্তিত্ব ধরা পড়ে। তন্মধ্যে ৩ জনের ফলোআপ ফলাফল (এরা আগে আক্রান্ত হয়েছিলেন, পুনরায় টেস্টেও পজিটিভ) এসেছে। বাকি ৪০ জন নতুন হিসেবে শনাক্ত হয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীতে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের মধ্যে করোনা শনাক্ত হয়।

ল্যাব সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২৭ জন ও বিশ্বনাথের ১২ জন আছেন। এছাড়া সুনামগঞ্জের নতুন একজনেরও করোনা শনাক্ত হয়েছে। আর ফলোআপ ফলাফল এসেছে বিশ্বনাথের ২ জন ও সদরের একজনের। এর মধ্যে সিলেট জেলায় ১৫৩৪ জন।

এদিকে, সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তদের মোট সংখ্যা সাতশো’ ছাড়িয়েছে। গত এক সপ্তাহে খুব দ্রুত করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়েছে এই জেলায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাবে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৫৮ জন। মঙ্গলবার (১৬ জুন) নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, মঙ্গলবার শাবির আরটি-পিসিআর ল্যাবে ২২২টি নমুনা গ্রহণ করা হয়। পূর্বের কিছু মিলিয়ে ৩৭৪টি নমুনা পরীক্ষা করে ৫৮ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..