ছাতকে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

ছাতকে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
ছাতক প্রতিনিধি :: ছাতকে হু হু করে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এখানে ২ জন ডাক্তারসহ মোট ১১৩জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮জন এবং একজন মুক্তিযোদ্ধাসহ মৃত্যুবরণ করেছেন ৩জন।
বুধবার রাতে শাবিপ্রবি’র পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে সর্বশেষ ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীসহ নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয় ১৯জনের। আক্রান্তদের মধ্যে ছাতক পৌর শহরের মন্ডলীভোগ, বাগবাড়ি ও নোয়ারাই, কালারুকা, জাউয়াবাজার ইউনিয়নের বাসিন্দারা রয়েছেন। কৈতক ২০শয্যা হাসপাতালের আরএমও ডা. মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, প্রত্যহ এখানকার পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ এর তোয়াক্কা না করেই স্বাভাবিক জীবন যাত্রা অব্যাহত রেখেছেন। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হলেও জনসাধারণের মধ্যে তেমন কোনো সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাচল করার কারনেই এখানে আক্রান্তের সংখ্যা দিন দিন হু হু করে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে অভিজ্ঞ মহল। অপরদিকে, সুনামগঞ্জ জেলা সদর ও ছাতক উপজেলাকে ইতোমধ্যে করোনা আক্রান্ত হিসেব অনুযায়ী ‘রেড জোন’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ফলে উদ্ভুত এ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গেলাম কবিরসহ উপজেলা প্রশাসন। থানা পুলিশও দিন-রাত মাঠে কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসী ছাড়া নির্ধারিত সময়ের পরে সকল ধরণের দোকান-পাঠ বন্ধ রাখতে বলা হচ্ছে ব্যবসায়ীদের। নির্দেশ অমান্যকারিদেরকে করা হচ্ছে বিভিন্ন অংকের জরিমানা। মাস্ক ব্যবহার করাকে বাধ্যতামূলক করতে শহর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আদায় করা হচ্ছে জরিমানা। এছাড়া হাইওয়ে ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে জরুরী যানবাহন চলাচলের ক্ষেত্রেও শর্তাবলী দেয়া হয়েছে। জরুরী চলাচলের ক্ষেত্রে ৫জন যাত্রীর পরিবর্তে ৩জন যাত্রী বহন করাসহ স্বাস্থ্যবিধি মেনে ছোট যানবাহনগুলোতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে বলা হয়েছে। প্রশাসনের এধরনের উদ্যোগে এতটুকু হলেও স্বস্থির নিশ্বাস ফেলছেন সচেতন মহল।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গেলাম কবির জানান, ছাতক উপজেলায় করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যা মোটেও ভালো লক্ষণ নয়। একারণে উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে সকল দোকান-পাঠ বন্ধ এবং মাস্ক ব্যবহার করাকে বাধ্যতামূলক করতে শহর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..