সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও লালটেক গ্রামের মৃত বাবরু মিয়ার ছেলে আলতাব আলীকে স্থায়ীভাবে বরখাস্ত এবং স্থানীয় ওয়ার্ডকে শূণ্য ঘোষণা করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রজ্ঞাপনের আলোকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান ওই ওয়ার্ডকে শূণ্য ঘোষণা করেন।
জানা গেছে, সিলেটের চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সিলেট জেলার কোম্পানীগঞ্জ লামাগ্রাম গ্রামের মৃত জহুর আলীর ছেলে আকবর আলী বাদী হয়ে আলতাব আলীকে অভিযুক্ত করে একটি চেক জালিয়াতি মামলা দায়ের করেন।
ওই মামলায় ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর সিলেটের যুগ্ম-মহানগর দায়রা জজ ২য় আদালত আলতাব আলী মেম্বারকে দোষী সাব্যস্ত করে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেন। মামলার দন্ডপ্রাপ্ত আসামী হওয়ায় প্রথমে আলতাব আলীকে স্থানীয় সরকার বিভাগ (ইউনিয়ন পরিষদ শাখা) সাময়িকভাবে বরখাস্ত করেন।
পরবর্তীতে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) ধারার অপরাধে আলতাব আলীকে ইউপি সদস্যের পদ থেকে অপসারণ (স্থায়ীভাবে বরকাস্ত) করা হয়। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ওই ওই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে এবং সিলেটের জেলা প্রশাসকের নির্দেশনার আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৫ (১) ও (২) ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদটি ২৪/০২/২০২০ ইং হইতে শূণ্য ঘোষণা করেন।
এ বিষয়ে গত ৪জুন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান’র স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত বিষয়য়ের সত্যতা নিশ্চিত হয়। এ ব্যাপারে তিনি বলেন, শূণ্য ঘোষিত পদে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd