সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে সড়ক দূর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের ছাতক থানাধীন আলাপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশা চালক চেরাগ আলী (৫৫) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪৫) নিহত হয়। তাদের বাড়ি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের হায়াতপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মৈশাপুর গ্রামে আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য নিজের অনটেষ্ট সিএনজি অটোরিকশায় স্ত্রী রাবেয়া বেগম ও কন্যা তানিয়া বেগমকে নিয়ে হায়াতপুর গ্রাম থেকে বের হন অটোরিকশা চালক চেরাগ আলী। সিলেট-সুনামগঞ্জ সড়কের আলাপুর গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র সুনামগঞ্জ থেকে সিলেটের দ্রুতগামী অজ্ঞাতনামা মাইক্রো তাদের সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সিএনজি অটোরিকশাটি সড়কে উল্টে অপর একটি যাত্রীবাহী রিকশার সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সিএনজি অটো-রিকশা চালক চেরাগ আলী ও স্ত্রী রাবেয়া। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় রাত ১০টার দিকে রাবেয়া বেগম ও সোমবার ভোরে সিএনজি অটো-রিকশা চালক চেরাগ আলী মৃত্যুবরণ করেন। খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করেছেন।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় চেরাগ আলী ও রাবেয়া বেগম মারা গেছেন। তবে দূর্ঘটনায় সিএনজিতে থাকা তাদের কিশোরি কন্যা তানিয়া বেগম সুস্থ আছেন। বেলা আড়াইটায় গ্রামের মাঠে স্বামী স্ত্রীর জানাযা নামায অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ও ইউপি সদস্য সুরেতাজ মিয়া জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd