সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা যুক্তরাজ্য প্রবাসী এক নারী (৬১) মারা গেছেন। তবে করোনা সংক্রমণে তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২১ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টায় ওই নারীর মৃত্যু হয়। করোনার সব উপসর্গ নিয়ে ১০ দিন হাসপাতালে থাকলেও তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিতের জন্য কোনো পরীক্ষাই হয়নি।
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, প্রবাসী ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্ট থাকায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে ২০ মার্চ শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।
সিলেটে করোনা আক্রান্তের বিষয় দেখাশোনার দায়িত্বে থাকা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, প্রবাসী ওই নারী করোনাভাইরাসের কারণে মারা গেছেন কিনা পরীক্ষা করে দেখা হচ্ছে। মরদেহ এখনও হাসপাতালেই রয়েছে। পরীক্ষা শেষে যদি জানা যায়, তিনি করোনা ভাইরাসের কারণে মারা গেছেন, তবে লাশ হস্তান্তরের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
সিলেটে করোনা ভাইরাস শনাক্তের প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে কিনা এ বিষয়ে ডা. হিমাংশু লাল রায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ঢাকা থেকে আইইডিসিআর প্রতিনিধির তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সিলেট আসার কথা ছিল। কিন্তু এর আগেই তাঁর মৃত্যু হলো।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd