সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে ছিনতাই হয়। চার হাত ঘুরে ‘আইফোন-এক্স’ মডেলের সেই ফোনটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। তবে ওই ক্রেতার বিষয়ে এখনও তথ্য পায়নি পুলিশ। ফোন ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্ত্রীর হাত থেকে যিনি ফোনটি ছিনতাই করেছিলেন, তাকে শনাক্ত করে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ। ছিনতাইকারী ফোনটি বিক্রি করেছিলেন একজনের কাছে। এরপর হাতিরপুলের একটি দোকান থেকে আরও দুইবার এটি হাত বদল হয়। এরপর সেখান থেকে একজন ‘আইফোন-এক্স’ মডেলের ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়।
ফোন ছিনতাইয়ের পর মামলা করা হয়েছিল কাফরুল থানায়। থানার উপ-পরিদর্শক ফরিদুল আলম জানান, ফোনটি কীভাবে কার কাছে আছে তা জানতে পেরেছি। আমরা আশা করছি ফোনটি উদ্ধার করতে পারব।
মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন জানান, ফোনটি সর্বশেষ ৩০ হাজার টাকায় হাতিরপুলের একটি দোকান থেকে বিক্রি হয়েছে। তবে যার কাছে বিক্রি হয়েছে, তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ওই দোকানির কাছে সেই ব্যক্তির কোনো তথ্য নেই। যিনি সর্বশেষ ফোনটি কিনেছেন, তিনি তো চোর নন। সম্ভবত ভয়ে ফোনটি বন্ধ করে রেখেছেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd