সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন শফির (৫৯) অগ্নিদগ্ধ ও রশি দিয়ে বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মৃত সমছু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের পর বর্তমানে সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় (৩৪/৪১ নম্বর) বসবাস করছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন বুরহান উদ্দিন শফি। দীর্ঘক্ষণ তাঁর খোঁজ না পাওয়ায় স্বজনরা সিলেট এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের চারদিন পর মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের অবস্থা ও রহস্যময় আলামত
স্থানীয়রা হাওরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের শরীরের বিভিন্ন অংশ আগুনে পোড়ানো ছিল।
গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় পড়ে ছিল লাশটি। মরদেহের পাশ থেকে একটি লবণের প্যাকেট উদ্ধার করা হয়েছে, যা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশসহ পিবিআই ও সিআইডি -এর ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে। আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা হয়। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি বুরহান উদ্দিন শফির বলে নিশ্চিত করেন।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যেই মরদেহে আগুন দেওয়া হয়েছে।”
জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলা দায়েরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd